সাদ্দামের বক্তব্য ভালো হলেও, প্রশ্ন রয়ে গেছে কার্যকর পদক্ষেপ নিয়ে
গতকাল ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বক্তব্য কিছু দিক থেকে ইতিবাচক ছিল। তবে শুধুমাত্র বক্তব্য নয়, কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন-এই দুটির সমন্বয়ই জনগণ প্রত্যাশা করে। আমাদের মনে রাখতে হবে, কথার সাথে কাজের মিল না থাকলে আস্থা ফিরবে না।
আওয়ামী লীগের সাফল্য ও সীমাবদ্ধতা
গত ১৫ বছরে আওয়ামী লীগ খাদ্য, বস্ত্র, বাসস্থানসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে। দারিদ্র্য হার ২০০৮ সালের তুলনায় ২০২৪ সালে উল্লেখযোগ্যভাবে কমেছে। এই উন্নয়ন স্বীকার করতেই হবে। তবে সমস্যা হয়েছে পরবর্তী ধাপের চাহিদা বোঝার ক্ষেত্রে। উন্নয়নের পরে জনগণের দাবি পরিবর্তিত হয়: তারা চায় সুশাসন, ন্যায়বিচার, স্বচ্ছতা এবং বৈষম্যহীন সমাজ।
বৈষম্যবিরোধী আন্দোলন এবং জনগণের নীরব ক্ষোভ
২০১৪ থেকে ২০২৪ সময়কালে আওয়ামী লীগ জনগণের অন্ধ সমর্থন হারিয়েছে। মানুষ এখন আর ব্ল্যাংক চেক দেয় না। বৈষম্যবিরোধী আন্দোলন ছিল এই ক্ষোভের প্রতিফলন। যদিও পরবর্তীতে এই আন্দোলনও প্রতারণার আশ্রয় নেয়, কিন্তু সাধারণ মানুষের মূল ক্ষোভ থেকেই তা জন্ম নিয়েছিল।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি, আমলাতন্ত্রের চরম রূপ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন সাধারণ মানুষের মাঝে এক গভীর অসন্তোষ তৈরি করেছে, যা অস্বীকার করা যায় না।
সাদ্দামের বক্তব্য: পরিবর্তনের ইঙ্গিত?
সাদ্দাম হোসেন যখন বলেন, “ভয়ংকর রূপে নয়, ভরসা হয়ে ফিরবে,” তখন বোঝা যায়, অন্তত কিছু স্তরে সমস্যা সম্পর্কে সচেতনতা তৈরি হয়েছে। এটা একটি ইতিবাচক লক্ষণ হলেও, এখনো দেখা বাকি রয়েছে, তারা সত্যিকারের জনগণের চাহিদা মেটাতে কোন বাস্তব পদক্ষেপ নেবে কিনা।
ভবিষ্যতের চ্যালেঞ্জ
যদি আওয়ামী লীগ জনগণের এই নতুন চাহিদা পূরণে ব্যর্থ হয়, তাহলে প্রাকৃতিক নিয়মেই এই শুন্যস্থান অন্য কেউ পূরণ করবে। সেই শুন্যস্থান যাতে আওয়ামী লীগই পূরণ করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা।
