নিজস্ব প্রতিবেদক

মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে ৩ দিনের রিমান্ডে রাখার আদেশ দেওয়া হয়েছে। বিজ্ঞ বিচারক বেগম শারমিন নাহারের আদেশে মোনালিসা ইসলামকে সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোনালিসা ইসলামকে মেহেরপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে গতকাল রবিবার রাতে ঢাকার ইস্কাটন থেকে গ্রেফতার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম জাহাঙ্গীরের আবেদনে মোনালিসা ইসলামকে ৭ দিনের রিমান্ডে রাখার জন্য আবেদন করা হয়, যা থেকে ৩ দিনের রিমান্ড অনুমোদিত হয়।
এছাড়াও, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া পলি খাতুনের নামের এক নারীর দায়েরকৃত মামলায়ও মোনালিসা ইসলামকে গ্রেফতার করা হয়।
