নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের নেতা জাহাঙ্গীর আলম মিন্টু নিজের দলবল নিয়ে প্রকাশ্যে চাঁদা চাওয়ার ঘটনায় জড়িত হয়েছে। এই ঘটনা ঘটেছে শনিবার বিকাল ৪টার দিকে তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে। জাহাঙ্গীর আলম মিন্টু নিজের দলবল নিয়ে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেয়।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর, যুবদলের কেন্দ্রীয় কমিটি জাহাঙ্গীর আলম মিন্টুকে বহিষ্কার করে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে এবং শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
ব্যবসায়ীদের অভিযোগ অনুযায়ী, এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে সকলের মাথায় লাল কাপড় বেঁধে, মুখে গামছা পড়ে এসে হোটেলের সামনে দলবলসহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ার বক্তব্য দেয়। এর কিছুক্ষণ পর লম্বা রাম দায়ের ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেয়।
শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। দল এগুলো সমর্থন করে না, আমরাও করবো না। গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোন বক্তব্য দল কোনভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়-ভীতি হুমকি দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেফতারে কাজ করছে।
