নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের আত্মতুষ্টির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, “মাঝে মাঝে ভালো হয়েছে, মাঝে মাঝে বেশি খারাপ হয়েছে। এর কারণ অন্তর্বর্তী সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে।”
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর পিটিআই মিলনায়তনে “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুষলেন ‘আওয়ামী দোসরদের’রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দুষলেন ‘আওয়ামী দোসরদের’
আইন উপদেষ্টা বলেন, “পতিত ফ্যাসিস্ট শক্তির কিছু লোক পালিয়ে গেলেও বেশিরভাগই দেশে রয়েছে। তাদের হাতে প্রচুর টাকা এবং বদমতলব রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খারাপ হচ্ছে। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসনকাজ পরিচালনা করা সহজ নয়।”
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণে সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছি। নতুন নতুন উপায় ভাবছি।”
কর্মশালায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামসহ রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারক, পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসনের অংশ নেন।
