নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের বক্তব্যকে ‘অস্পষ্ট’ বলে অভিহিত করেছেন। তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের প্রস্তাবকে অস্পষ্ট বলে মনে করেন এবং একটি ‘স্পষ্ট রোডম্যাপ’ দাবি করেছেন।
বুধবার সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “এটা (ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন হবে) অত্যন্ত অস্পষ্ট কথা। ডিসেম্বর থেকে জুন .. ছয় মাস। সুতরাং এটা কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।”
ফখরুল আরও বলেন, “আমরা বার বার বলে আসছি যে, স্পষ্ট রোডম্যাপ এবং দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না।”
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থেই নির্বাচনের কথা বলছে এবং নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে।
তিনি আশা করেন যে, অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচনের ঘোষণা দেবে।
এদিন সকাল সাড়ে ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত নেতার কবরে পুস্পমাল্য অর্পণ করে তারা সূরা ফাতেহা পাঠ করে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার, মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, উত্তরের আহ্বায়ক আমিনুল হক প্রমূখ নেতারা ছিলেন।
পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতৃবৃন্দ।
এছাড়া মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও আলাদা আলাদাভাবে নেতা-কর্মীরা পুস্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানায়।
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে নেতা-কর্মীরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অপর্ণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়।
