দক্ষিণ-পূর্ব এশিয়া বর্তমানে এক ভূ-রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এর কেন্দ্রে রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং এর আশপাশের অঞ্চলগুলো।
দক্ষিণ-পূর্ব এশিয়া বর্তমানে এক ভূ-রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। এর কেন্দ্রে রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং এর আশপাশের অঞ্চলগুলো যেখানে, একাধিক জাতিগত বিদ্রোহী গোষ্ঠী, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি নিজেদের কৌশলগত স্বার্থে জড়িত হয়ে পড়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র-সমর্থিত প্রক্সি অপারেশনে সম্পৃক্ততা এই সংঘাতকে আরও জটিল করে তুলছে।
টেকনাফ-কক্সবাজার ঘাঁটিতে লজিস্টিক প্রস্তুতি ও ড্রোন প্রযুক্তির ব্যবহার
বিশ্বস্ত সূত্র থেকে জানা যাচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যেই কক্সবাজার ও টেকনাফে ব্যাপক সামরিক পরিকাঠামো গড়ে তুলছে। টেকনাফ সীমান্তে তৈরি করা হচ্ছে একটি বিশাল লজিস্টিক বেস, যার মাধ্যমে আরাকান আর্মি (AA) এবং চিন ন্যাশনাল ফ্রন্ট (CNF)-এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর জন্য খাদ্য, ওষুধ ও অন্যান্য “নন-লেথাল” রসদ সরবরাহ করা হবে।
অন্যদিকে, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের কাজ শেষের পথে। এটিকে একটি ড্রোন ঘাঁটিতে রূপান্তরের পরিকল্পনা রয়েছে, যেখানে উন্নতমানের তুর্কি তৈরী ড্রোন ব্যবহারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এই ঘাঁটি রাখাইন রাজ্যের উপর নজরদারি এবং তথ্য সংগ্রহে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশে আরাকান ও চিন বিদ্রোহীদের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাঃ
বিশেষ নিরাপত্তা সূত্র অনুযায়ী, আরাকান আর্মি ও CNF-এর প্রতিনিধিরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তারা যুক্তরাষ্ট্রের সিনিয়র কূটনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠকে মিলিত হচ্ছেন। নাইপিদাওয়ে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স সিউসান স্টিভেনসনসহ দক্ষিণ ও পূর্ব এশিয়া বিষয়ক দুইজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই আলোচনায় অংশ নিয়েছেন।
এই বৈঠকের মূল উদ্দেশ্য—মিয়ানমার সেনা জান্তার বিরুদ্ধে একটি কার্যকর মিলিশিয়া-ভিত্তিক যুদ্ধ পরিকল্পনা তৈরি করা, যাতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ “লজিস্টিক্যাল ও ইন্টেলিজেন্স হাব” হিসেবে কাজ করবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে মানবিক করিডোরের ছক
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের নেতৃত্বে একটি “এইড করিডোর” পরিকল্পনা গৃহীত হয়েছে। এর মাধ্যমে যুদ্ধ-পরবর্তী সময়ে অন্তত ৮০,০০০ রোহিঙ্গাকে রাখাইনের বুথিডং ও মংডু অঞ্চলে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান সরকার ইতোমধ্যেই সম্ভাব্য প্রত্যাবাসনকারীদের একটি তালিকা প্রস্তুত করেছে।
এই প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবিক ভাবমূর্তি পুনঃস্থাপনের সঙ্গে সঙ্গে, নতুন গৃহীত ভূ-রাজনৈতিক ভূমিকার একটি আবরণ হিসেবেও ব্যবহৃত হতে পারে।
ARSA-কে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা ও নারায়ণগঞ্জে ‘আটক’ নাটক
সম্প্রতি ঢাকার নারায়ণগঞ্জ থেকে ARSA নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও তার সহযোগীদের ‘আটক’-এর ঘটনা জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যদিও সরকারিভাবে একে ‘গ্রেপ্তার’ বলা হচ্ছে, তবে বাস্তবতা ভিন্ন হতে পারে। ধারণা করা হচ্ছে, ARSA-কে বিদ্রোহী জোটে অন্তর্ভুক্ত করতে একটি জটিল কৌশল বাস্তবায়িত হচ্ছে, যা বিদ্যমান আদর্শিক বিভাজন সত্ত্বেও সামরিক ঐক্য গঠনের দিকে এগোচ্ছে।
সেনাপ্রধান ও ওয়াশিংটনের কৌশলগত ঘনিষ্ঠতা
বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে সামরিক অপারেশন পরিচালনা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কৌশলগত প্রভাব বৃদ্ধির পরিকল্পনায় যুক্ত। ইউএস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল জে বি ভাওয়েল ও বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সাম্প্রতিক বৈঠক এই কৌশলের অংশ বলেই ধারণা করা হচ্ছে।
“আরাকান ফেডারেশন” নামক নতুন রাষ্ট্রের ছক: ভূ-রাজনীতির বিস্ফোরণ?
অনেক বিশ্লেষক মনে করছেন, এই সামরিক কর্মকাণ্ডের পেছনে শুধু রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণই নয়, বরং একটি বৃহত্তর “আরাকান ফেডারেশন” গঠনের নীলনকশা রয়েছে। এই ফেডারেশনের আওতায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী অঞ্চল—টেকনাফ, বান্দরবান, মণিপুর, মিজোরাম ইত্যাদি—অংশগ্রহণ করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এমন এক রাষ্ট্র গঠনের চেষ্টা হলে তা শুধু বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা নয়, বরং ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের নিরাপত্তাকেও চরম হুমকির মুখে ফেলবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা ইতোমধ্যেই এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে দক্ষিণ-পূর্ব এশিয়া এক উত্তপ্ত ভবিষ্যতের পথে?
বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই জোট যদি বাস্তবে সক্রিয় হয়, তাহলে দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বড় রকমের পরিবর্তন ঘটতে পারে। এই পরিবর্তন শুধুমাত্র সামরিক নয়, বরং মানবিক, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও ব্যাপক প্রভাব ফেলতে পারে।
অবশ্যই এই সমীকরণে ভারত, চীন ও আসিয়ান রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়া নির্ধারণ করবে আগামী দিনগুলোর বাস্তবতা।
তথ্য সূত্র:
Northeast News রিপোর্ট – https://nenews.in/neighbours/nascent-plan-involving-bangladesh-army-in-clandestine-us-backed-operations-in-rakhine-state-emerges/23592/
