আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি সংঘটিত নারকীয় জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি এই বর্বর হামলায় নিহতদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসবাদীরা মানবতার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা মানবতার চরম শত্রু। বাংলাদেশ আওয়ামী লীগ নীতি ও আদর্শগতভাবে সবসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছে।”
তিনি আরও বলেন, “বিশ্বব্যাপী মানবিক রাজনীতির প্রতি আমাদের সমর্থন অব্যাহত রয়েছে। কাশ্মীরে যে জঙ্গি-সন্ত্রাসী হামলা ঘটেছে তা মানবিক বিশ্ব গঠনের পথে এক বড় বাধা এবং এটি মানবসভ্যতার ওপর গভীর ক্ষতের চিহ্ন।”
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি গ্রহণ করেছে এবং এ ধরনের হামলার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানায়। তিনি জোর দিয়ে বলেন, “আমরা মানবিক সমাজ গঠনের লড়াইয়ে সর্বদা সক্রিয় সমর্থন বজায় রাখব।”
তিনি বলেন, “মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তিতে মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনই আমাদের লক্ষ্য। বাংলাদেশে আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে সফল লড়াই চালিয়েছি এবং একটি জঙ্গিমুক্ত রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে চলেছি।”
তিনি কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ কখনোই সন্ত্রাসের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”
