দিনাজপুরের পার্বতীপুরে চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তরিকুল ইসলাম।
চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পার্বতীপুরের সংগঠক তরিকুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রসুলপুর এলাকায় কয়লাখনি-মধ্যপাড়া সড়কে ট্রাকের গতিরোধ করে চাঁদা দাবি করার সময় তাকে সেনা সদস্যরা হাতেনাতে ধরে ফেলে।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, কয়লাখনি থেকে টেন্ডারকৃত মালামালসহ দুটি ট্রাক বের হলে রাত পৌনে ৮টার দিকে ট্রাক দুটি রসুলপুর এলাকায় পৌঁছালে তরিকুল ইসলাম সহ কয়েকজন ব্যক্তি তা থামিয়ে চাঁদা দাবি করে।
খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তরিকুল ইসলাম কে আটক করে।
আটক তরিকুল ইসলাম পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সংগঠক হিসেবে পরিচিত। পরে তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বিগত কয়েক বছর ধরে কয়লাখনি এলাকায় চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্থানীয় কিছু চক্র নিয়মিত ট্রাক ও মালবাহী যানবাহন থেকে চাঁদা আদায় করছে।
এই ঘটনায় এনসিপি নেতার জড়িত থাকার প্রমাণ মেলার পর রাজনীতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবাধে চাঁদাবাজির চেষ্টা প্রমাণ করে যে প্রশাসনিক দুর্বলতা এখনও একটি বড় চ্যালেঞ্জ।
তরিকুল ইসলামের ঘটনাকে একটি উদাহরণ হিসেবে নিয়ে এখন প্রয়োজন রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
