ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে আজ রবিবার (৬ জুলাই) সকালে ময়না আক্তার নামে ৯ বছর বয়সী এক শিশু নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনাকে ঘিরে পরিবার ও এলাকাবাসী ধারণা করছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তবে প্রকৃত ঘটনা কী তা এখনো জানা যায়নি।
এদিকে, বিষয়টি তদন্তের জন্য আজই শাহবাজপুরের হালভী পাড়া মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে নিহত ময়নার মা মোসাম্মৎ লিফা আক্তার জানান, শনিবার বিকেল ৩টার দিকে ময়না নিখোঁজ হয়।
সন্ধ্যার পর থেকেই পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে খুঁজতে থাকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজ সংক্রান্ত পোস্ট দেওয়া হয় এবং মাইকিংয়ের মাধ্যমে ময়নার সন্ধান চেয়ে পুরো এলাকায় জানানো হয়।
তিনি আরও জানান, অবশেষে আজ সকালে মসজিদে পড়তে যাওয়া বাচ্চারা মসজিদের দ্বিতীয় তলার একটি কক্ষে তার মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে সরাইল থানা পুলিশ লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
প্রাথমিকভাবে ধর্ষণের পর হত্যার আলামত রয়েছে কিনা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
