জামায়াতে ইসলামী দেশকে পেছনে নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াতে ইসলামী এই দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। তারা বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা পেছনের দিকে যেতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের লালমিয়া মার্কেটে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
‘জামায়াত অগ্রগতির পথে বাধা’
মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামী এমন একটি রাজনৈতিক দল যারা দেশের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে।
তিনি বলেন, “ওরা এমন একটা দল যারা
আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। বাংলাদেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে পেছনমুখী রাজনীতি পরিহার করতে হবে।”
তিনি দাবি করেন, বিএনপি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়।
নারী অধিকার নিয়ে জামায়াতের অবস্থানের সমালোচনা
নারী অধিকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, “বাংলাদেশে নারী জনসংখ্যা পুরুষের চেয়ে বেশি। নারী ও পুরুষের সমান অধিকার রয়েছে। ইসলাম ধর্মেও আল্লাহ তায়ালা বলেছেন, নারীদের যে অধিকার প্রাপ্য তা দিতে হবে।”
তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী নারী অধিকার নিয়ে মানুষকে বিভ্রান্ত করে।
“এই বিষয়গুলোতে জামায়াত মানুষকে ভুল বোঝায়,”—বলেন ফখরুল।
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত’—বক্তব্যের প্রতিবাদ
মির্জা ফখরুল বলেন,
“তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যায়। বেহেশতে যাবে নাকি? যাবে না। এভাবেই তারা মানুষকে ভুল বোঝায়।”
তিনি বলেন, মানুষ যেন ভুল তথ্যের ফাঁদে না পড়ে এবং সঠিক ও সত্যের পথে এগিয়ে যায়—এটাই বিএনপির প্রত্যাশা।
জামায়াত আমিরের বক্তব্য প্রসঙ্গে ফখরুল
সাম্প্রতিক একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “আজকে পত্রিকায় বের হয়েছে—
আমি জানি না সত্য না মিথ্যা—জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে। সেখানে নাকি নারীদের বিরুদ্ধে বাজে কথা বলা হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি জামায়াতের আমির নারীদের নিয়ে খারাপ মন্তব্য করে থাকেন, তাহলে সেটা অন্যায়।
মহিলারা এটা কখনোই মেনে নেবে না।”
গার্মেন্টস শ্রমিক নারীদের প্রসঙ্গ
জামায়াতের রাজনৈতিক দর্শনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “ওরা তো মহিলাদের কাজ করতে দিতে চায় না।
বলে, মহিলারা ঘরে থাকবে। গার্মেন্টসে যারা কাজ করে—তাদের বলে পাঁচ ঘণ্টার বেশি কাজ করা যাবে না।
কাজ না করলে তারা খাবে কী?” তিনি বলেন, নারীদের কর্মসংস্থান বন্ধ করা মানে দেশের অর্থনীতি ও পরিবার ব্যবস্থাকে দুর্বল করা।
ধানের শীষে ভোট চাইলেন ফখরুল
বক্তব্যের শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।
তিনি বলেন, “বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।”
