নিজস্ব প্রতিবেওদক

রাজশাহীতে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সাদা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই ম্যুরালটি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং এটিকে দেশে শেখ মুজিবুর রহমানের ‘সবচেয়ে বড়’ ম্যুরাল হিসেবে উল্লেখ করা হয়েছিল। ম্যুরালটির উচ্চতা ৫৮ ফুট এবং চওড়া ৪০ ফুট ছিল।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের দিন এই ম্যুরালের সামনের কিছু অংশ ও টেরাকাটা ভেঙে ফেলা হয়। তবে ম্যুরালটি অনেক উঁচু হওয়ায় ভেঙে ফেলা সম্ভব হয়নি। অবশেষে, রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েকজন রংমিস্ত্রি মই নিয়ে ম্যুরালে কাজ শুরু করেন এবং সন্ধ্যার মধ্যেই ম্যুরালটি সাদা রঙের প্রলেপে ঢেকে ফেলা হয়।
কারা এই মিস্ত্রিদের ভাড়া করেছিল তা জানা যায়নি এবং বিষয়টি নিয়ে দায়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায়নি। উপস্থিত লোকজনও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজশাহীতে থাকা শেখ মুজিবুর রহমানের অন্যান্য ম্যুরালগুলিও গত ৫ আগস্টে গুঁড়িয়ে দেওয়া হয়, যার মধ্যে রাজশাহী কলেজে থাকা ম্যুরালটি ৬ ফেব্রুয়ারি এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ছাত্র-জনতা দ্বারা।
