নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান যে, জুলাই চার্টারের ওপর নির্ভর করবে বাংলাদেশের নির্বাচনের তারিখ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচন ডিসেম্বরে হতে পারে। এরপর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাকিটা বাস্তবায়ন করবে।
শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব। ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। বিভিন্ন দলের প্রতিনিধিরা এসে পৌঁছেছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ছয় মাস। প্রেস সচিব জানান যে, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্যের মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছাবে, সব রাজনৈতিক দল এটাতে স্বাক্ষর করবে। সেটা হবে জুলাই চার্টার।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং তারপর আমরা যে রাজনৈতিক সমাধানে যাচ্ছি, কীভাবে আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা হবে তার জন্য আজকে রাজনৈতিক সংলাপের সূচনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা।
