গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক;
গণ অধিকার পরিষদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়েছে। এই সমাবেশে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট না করলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, “আওয়ামী লীগ যে পাপ করেছে, ওরা কোনো ক্ষমা পেতে পারে না। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে।”
সমাবেশে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ব্যর্থ উল্লেখ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের অযোগ্য উপদেষ্টা পরিষদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। রাষ্ট্র সংস্কার করতে বিপ্লবী উপদেষ্টা দরকার। কিন্তু এই উপদেষ্টাদের অধিকাংশই সুশীল। তাই তাঁদের কাছে রাষ্ট্র সংস্কার প্রত্যাশা করি না।”
গণ অধিকার পরিষদের মুখপাত্র ও জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বলেন, “আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ আমরা দেখছি না; বরং আমরা অনেকাংশেই দেখতে পাচ্ছি নমনীয়তা ও উদারতা। আমাদের পরিষ্কার বক্তব্য, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নিবন্ধন বাতিল করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদ সদস্য মাহফুজুর রহমান, সহসভাপতি আবদুর রহমান, জাফর মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ নুরুল করিম শাকিল প্রমুখ।
