আন্তর্জাতিক ডেস্ক

শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর নেতৃত্বে উত্তরাখণ্ডের জোশিমঠে অবস্থিত জ্যোতির্মঠে এক সংবাদ সম্মেলনে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবি জানানো হয়েছে। তিনি মোদি সরকারকে ১৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন এই ঘোষণা করার জন্য। এর পরবর্তীতে এক বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।
শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, “আগামী ১৭ মার্চ পর্যন্ত কেন্দ্রকে সময় দিলাম। এর মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে। তা যদি না করা হয়, তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই এই দাবিতে আমরা আন্দোলনে নামব। পরবর্তী রণকৌশল এখান থেকেই ঠিক করা হবে।”
দীর্ঘদিন ধরেই এই দাবিতে আন্দোলন করে আসছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। ২০২৩ সালের ২০ নভেম্বর গোপাল মণির নামক ধর্মীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘গো-ক্রান্তি মঞ্চ’ থেকে এই আন্দোলন শুরু হয়েছে। চারটি শঙ্করাচার্য পীঠের সমর্থনে এই আন্দোলন চলছে। ইতোমধ্যেই এই ইস্যুতে তিনটি গো সংসদ আয়োজিত হয়েছে এবং ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত একটি পদযাত্রাও অনুষ্ঠিত হয়েছে।
শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর এই দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে, এই দাবিটি হিন্দু সংগঠনগুলির মধ্যে দীর্ঘদিন ধরে উঠে আসছে।
