নিজস্ব প্রতিবেদক

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শিক্ষার্থী প্রতিনিধিরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এই তথ্যটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে প্রকাশ করেছেন। তিনি জানান যে, শিক্ষার্থীরা পদত্যাগের ঘোষণা দিতে পারেন কয়েকদিনের মধ্যেই।
নতুন রাজনৈতিক দলের ঘোষণা এ মাসেই আসবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “ছাত্রদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সে দলে অংশগ্রহণ করতে হলে সরকারে থেকে সেটি সম্ভব নয়। সেই দলে আমি যদি যেতে চাই তাহলে সরকার থেকে আমি পদত্যাগ করবো।”
তিনি আরও বলেন, “আমরা চিন্তাভাবনা করছি। আমি ব্যক্তিগতভাবেও চিন্তাভাবনা করছি। যদি মনে করি, সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের সঙ্গে কাজ করা বেশি জরুরি। মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সে দলের প্রক্রিয়ায় যুক্ত হবো।”
নির্বাচনের আগেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে পারে বলেও তিনি মনে করেন। তিনি বলেন, “নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করায় সরকারের সঙ্গে দূরত্ব কমেছে।”
এই ঘোষণাটি দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে, যা নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুরুত্বকে উজাগর করে।
