রাজধানীর উত্তরায় স্বামী-স্ত্রীকে ধারালো চা-পাতি দিয়ে কুপিয়ে জখমের ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে
নিজস্ব প্রতিবেদক;
গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে যে, একজন নারী ও একজন পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলা করেছে। এই ঘটনা রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে ঘটেছে। পুলিশ এই ঘটনায় দুজনকে আটক করেছেন, যাদের নাম মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২৭)।
পুলিশের তথ্যমতে, হামলার শিকার হওয়া দুজন স্বামী-স্ত্রী। বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এর প্রতিবাদ করেন স্বামী-স্ত্রী। তখন তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির দুই আরোহী। তাঁরা স্থানীয় অপরাধী চক্রের সদস্য।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক বলেন, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল একটি রিকশাকে ধাক্কা দেয়। এই ঘটনায় প্রথমে রিকশাচালক প্রতিবাদ করেন। পাশের আরেকটি বাইকে ছিলেন এই দম্পতি। তাঁরাও এর প্রতিবাদ জানান। তখন ধাক্কা দেওয়া মোটরসাইকেলের দুই আরোহী আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে ওই দম্পতির ওপর তাঁরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন।
পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এবং আরো তথ্য সংগ্রহ করছে। এই ধরনের অপরাধের প্রতিরোধের জন্য পুলিশ নিজেদের পদক্ষেপ আরও কার্যকর করার কথা বলেছে।
