নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন যে, শেখ হাসিনাসহ বেশকিছু আসামির মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ প্রায় শেষ হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, তদন্ত প্রতিবেদনে জাতিসংঘের নতুন প্রতিবেদন যুক্ত করা হবে।
আজ মঙ্গলবারে আওয়ামী লীগ সরকারের সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ আসামিকে হাজির করে শুনানির সময় এসব কথা বলেন তিনি। হাজির ছিলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরীও ট্রাইব্যুনালে আনা হয়েছে। সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।
আদালত কোনো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ তদন্ত প্রতিবেদন দাখিল না করার নির্দেশনা দিয়ে আরও দুই মাস সময় বাড়িয়ে আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারণ করেছে।
শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী জেড আই খান পান্না আদালতে বিচারকদের “মাই লর্ড” সম্বোধনের বিরোধিতা করে বিকল্প শব্দ ব্যবহারের অনুমতি চাইলে আদালত তা গ্রহণ করেছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার জানান যে, তিনি শুরু থেকেই এই শব্দ ব্যবহার করতে নিরুৎসাহিত করেছেন এবং এটা ঔপনিবেশিক শব্দ বলে মন্তব্য করেছেন।
