নিজস্ব প্রতিবেদক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ রমজান মাসে যাত্রীদের নির্বিঘ্ন সেবা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, ইফতার এবং সাহরির সময় কোনো সেবা বন্ধ রাখা যাবে না এবং সকল গেট খোলা থাকবে। নিরাপত্তা কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। বিমানবন্দরের পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, বিশেষ করে ইফতার ও সাহরির সময়।
সংশ্লিষ্ট কর্মীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যাতে জরুরি পরিষেবাগুলো সচল থাকে। কর্মরত স্টাফদের জন্য ডিউটি ডেস্ক ও কাউন্টারে ইফতারের ব্যবস্থা রাখতে বলা হয়েছে, যাতে সেবা প্রদান ব্যাহত না হয়। নির্বাহী পরিচালক বলেন, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রমজান মাসে যাত্রীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে চাই।
