শিক্ষার্থীদের সভা সমাবেশ নিষিদ্ধ করে একটি নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ঢাকায়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা শিক্ষা-সংশ্লেষবিহীন ইস্যুতে মিছিল, সভা ও সমাবেশে অংশ নিচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে এবং কোমলমতি শিক্ষার্থীরা মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ধরনের কর্মকাণ্ড অভিভাবকদের মাঝেও উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করছে বলে উল্লেখ করা হয়। ফলে শিক্ষার্থীদের শিক্ষামুখী ও শ্রেণিমুখী রাখতে হবে এবং তাদের কো-কারিকুলার কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।
কো-কারিকুলার কার্যক্রমে জোর
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কো-কারিকুলার কার্যক্রমের তালিকা অনুসারে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়াও, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতি ও সহ-পাঠক্রমিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যাবশ্যক।
