শবে বরাতের ফজিলত, হাদিসভিত্তিক আলোচনা, আলেমদের মতভেদ, ইতিহাস ও বাংলাদেশে ধর্মীয় ও রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন।
আজ মঙ্গলবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই মুসলিম সমাজের একটি বড় অংশের কাছে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত রজনি—শবে বরাত। পাপ মোচন, ক্ষমা প্রার্থনা ও আত্মিক পরিশুদ্ধির আশায় এ রাতকে ঘিরে মুসলমানদের মধ্যে ইবাদত-বন্দেগির বিশেষ আগ্রহ দেখা যায়। তবে শবে বরাত পালন নিয়ে ইসলামী চিন্তাবিদ ও আলেম সমাজে দীর্ঘদিন ধরেই মতভেদ বিদ্যমান।
📖 শবে বরাতের তাৎপর্য ও হাদিসভিত্তিক আলোচনা
শবে বরাতকে আরবি ভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। ‘শব’ ফারসি শব্দ, যার অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি বা নিষ্কৃতি।
ইবনে মাজাহ ও বাইহাকী বর্ণিত একটি দুর্বল হাদিসে শাবানের মধ্যরজনিতে রাত জেগে ইবাদত ও পরদিন রোজা রাখার কথা উল্লেখ আছে। যদিও এই হাদিসের সনদ নিয়ে প্রশ্ন রয়েছে।
অন্যদিকে, সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত একটি সহিহ হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, প্রতি রাতের শেষ এক-
তৃতীয়াংশে আল্লাহ তায়ালা দুনিয়ার আকাশে অবতরণ করে বান্দাদের ডাকে সাড়া দেন। অনেক আলেমের মতে,
এই হাদিসের ফজিলত সব রাতের জন্য প্রযোজ্য, নির্দিষ্টভাবে শবে বরাতের সঙ্গে সম্পর্কিত নয়।
আলেমদের মধ্যে মতভেদ
উপমহাদেশের বহু আলেম শবে বরাতকে ক্ষমা ও তওবার বিশেষ রাত হিসেবে গুরুত্ব দেন। তারা নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দরুদ,
ইস্তেগফার ও দোয়ায় মশগুল থাকার পরামর্শ দেন। তবে তারা এটাও বলেন—এসব আমল ব্যক্তিগতভাবে করা উত্তম। অন্যদিকে,
অনেক সালাফি ও হকপন্থি আলেম মনে করেন, শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদতের বিধান কুরআন ও সহিহ হাদিসে নেই।
ফলে এটিকে ঘিরে সম্মিলিত অনুষ্ঠান, হালুয়া-রুটি বিতরণ বা নির্দিষ্ট নামাজ চালু করাকে তারা বিদআত হিসেবে আখ্যা দেন।
শবে বরাতের ঐতিহাসিক প্রেক্ষাপট
ইসলামের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের প্রায় ৪০০ বছর পর্যন্ত শবে বরাত পালনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না।
ঐতিহাসিক গ্রন্থ বিদায়া ওয়ান নিহায়া (ইবনে কাসির) ও আল-মানারুল মুনিফ (ইবনুল কাইয়ুম)-এ উল্লেখ আছে,
হিজরি ৪৪৮ সনে ফিলিস্তিনের নাবলুস শহর থেকে শবে বরাতের নামাজের প্রচলন শুরু হয়, যা পরে ধীরে ধীরে বিস্তার লাভ করে।
ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত ইসলামী বিশ্বকোষ অনুযায়ী, শবে বরাত মূলত ইরান ও ভারতীয় উপমহাদেশে প্রচলিত।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের অধিকাংশ দেশে এই রাত আলাদাভাবে পালিত হয় না।
বাংলাদেশে শবে বরাত ও রাষ্ট্রীয় উদ্যোগ
বাংলাদেশে শবে বরাত উপলক্ষ্যে আজ রাতে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া ও জিকিরের আয়োজন করা হয়েছে।
সরকার আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করেছে। সংবাদপত্র অফিস বন্ধ থাকবে এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হবে বিশেষ অনুষ্ঠান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক বাণীতে শবে বরাতকে আত্মশুদ্ধি ও মানবকল্যাণে আত্মনিয়োগের সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি দেশ ও জাতির কল্যাণে দোয়া করার ওপর গুরুত্বারোপ করেন।
