নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, জামায়াত একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করলেও এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা চালাচ্ছে।
জামায়াতের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সামনে এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে—যেখানে হয়তো মানুষকে শুনতে হবে জামায়াতে ইসলামী নাকি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। এটি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ভয়ংকর অপচেষ্টা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
স্বাধীনতার ঘোষণাকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক দল হিসেবে একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল।
অথচ আজ তারাই মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।
তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির সম্প্রতি দেওয়া বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।
বক্তব্যে বলা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; বরং কর্নেল (অব.) অলি আহমদ দিয়েছেন—যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।
“ইতিহাস বিকৃতি তাদের কাছ থেকে অস্বাভাবিক নয়”
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতি অস্বাভাবিক কিছু নয়।
তবে বাংলাদেশের মানুষ সব জানে এবং বোঝে। জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা আসলে প্রতারণা ও ভণ্ডামি।
“ভাড়া করা মুক্তিযোদ্ধা দিয়ে সাইনবোর্ড রাজনীতি”
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জামায়াত ইসলাম একটি কৌশল নিয়েছে—একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে বা কার্যত ‘ভাড়া করে’ দেখাতে চাইছে
যে তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে। এই সাইনবোর্ড দেখিয়ে তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে তুলে ধরতে চায়।
তিনি বলেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনোই এই ভণ্ডামি মেনে নেবে না। তারা এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাবে।
ইতিহাস রক্ষায় দেশপ্রেমিকদের ঐক্যের আহ্বান
সালাহউদ্দিন বলেন, দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তির দায়িত্ব হলো—যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি ছড়াতে চায়, মিথ্যা তথ্য দেয় ও ইতিহাস বিকৃত করে, তাদের বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ় প্রতিবাদ জানানো। সেই দায়িত্ববোধ থেকেই তিনি জামায়াত নেতাদের বক্তব্যের তীব্র নিন্দা জানান।
নারীদের কর্মসংস্থান ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ
নারীদের কর্মসংস্থান নিয়েও জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সম্প্রতি তারা নারী সমাজকে-
চরমভাবে অপমান করেছে। কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
তার ভাষায়, এটি নারীদের কল্যাণের কোনো উদ্যোগ নয়; বরং পরিকল্পিতভাবে নারীদের কর্মসংস্থান ধ্বংস করার ষড়যন্ত্র।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
