ঢাকা, ৬ মে ২০২৫ — রাজধানীর ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে বাংলাদেশের প্রখ্যাত ভাস্কর রাশা-কে লাথি মেরে লাঞ্ছিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করেছে। ঘটনাস্থলের ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
ভাস্কর রাশা শুধু একজন শিল্পী নন, তিনি বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কণ্ঠস্বর। যিনি তার ভাস্কর্যকর্ম, শিল্পভাবনা এবং মুক্তচিন্তার মাধ্যমে বারবার রাষ্ট্র ও সমাজের সংকটের বিরুদ্ধে কলম ও হাত তুলেছেন।
এই হামলা কেবল একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, এটি স্বাধীন মত প্রকাশ, শিল্পচর্চা ও সাংস্কৃতিক বোধের উপর একটি ভয়ংকর বার্তা — যে কেউ ভিন্নমত পোষণ করলে তাকে অপমান, হেনস্তা এমনকি শারীরিকভাবে আক্রমণও করা হতে পারে।
শিল্পী সমাজ, সাংস্কৃতিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকরা একযোগে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, “এখন কি আর শিল্পীরাও নিরাপদ না? মতপ্রকাশ কি তাহলে আর অপরাধ হয়ে গেছে?“
সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “এখন যে কাউকে ট্যাগ দিয়ে, দেশদ্রোহী কিংবা শত্রু বানিয়ে, অপমান করা যায়—এটাই কি আমাদের স্বাধীনতা?”
পুলিশ এখনো হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
