শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, মানবিক কূটনীতি, রোহিঙ্গা সংকট ব্যবস্থাপনা ও গণতন্ত্রের চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণমূলক আলোচনা।

বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক অনন্য নাম, যার নেতৃত্ব আজ শুধু দেশের অভ্যন্তরে নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত। তাঁর শাসনামলে দেশ যে অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির অভূতপূর্ব সাফল্য দেখেছে, তা নিঃসন্দেহে একটি মাইলফলক।
শেখ হাসিনা নেতৃত্বের যে ধরন দেখিয়েছেন, তা ছিল গতিশীল ও লক্ষ্যনির্ভর। তাঁর কল্যাণমুখী নীতিমালা যেমন ভূমিহীনদের মাসিক অনুদান, গৃহহীনদের পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তাবেষ্টনী—এসব প্রজেক্ট শুধু গরীব-দুঃখীদের জন্য নয়, দেশের সামগ্রিক সামাজিক ন্যায়ের চিত্রকেই বদলে দিয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর এই মডেলকে "কল্যাণমূলক রাষ্ট্রনীতির অনন্য দৃষ্টান্ত" হিসেবে অভিহিত করেছেন।
২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে শেখ হাসিনা বিশ্ব দরবারে নিজেকে মানবিক রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এটি শুধু রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না; বরং মানবিক কূটনীতির এক অনন্য দৃষ্টান্ত।
জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে সোচ্চার থেকেছেন। এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নতুন এক মাত্রা লাভ করে—যেখানে “সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়”—এই নীতির মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখা হয়েছে।
ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, সৌদি আরব ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা এবং বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে উন্নয়ন সহযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা দক্ষ কূটনীতিকের পরিচয় দিয়েছেন।
তবে এত কিছুর পরও শেখ হাসিনার নেতৃত্বে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত ও ব্যর্থতা রয়েছে, যা গণতন্ত্র ও সুশাসনের ভিত্তিকে দুর্বল করে তুলেছে।
হেফাজতে ইসলাম ও ধর্মভিত্তিক দলের সঙ্গে আপোষ, প্রশাসনে দলীয়করণ, বিরোধী দলের কণ্ঠরোধ ও বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
হয়রানি এবং সেন্সরশিপের অভিযোগ—এসব বিষয় দেশের গণতান্ত্রিক চর্চাকে সংকটে ফেলেছে। দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপের অভাবও আজ চোখে পড়ছে।
বর্তমানে বাংলাদেশ এক জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা, স্বার্থ ও সার্বভৌমত্ব আজ বহির্বিশ্বের ষড়যন্ত্রের মুখোমুখি। এই সংকটময় পরিস্থিতিতে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, অভিজ্ঞতা ও সংকল্প দেশের জন্য একটি বড় সম্পদ।
তিনি কেবল একজন সফল প্রশাসকই নন, বরং একজন সংগ্রামী নেত্রী—যিনি দেশের ইতিহাসে বহুবার সামনে দাঁড়িয়ে জাতিকে পথ দেখিয়েছেন। আজ যখন স্বাধীনতা ও গণতন্ত্রকে নানা দিক থেকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, তখন তাঁর সাহসিকতা ও রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
শেখ হাসিনা একদিকে যেমন উন্নয়ন ও মানবতার প্রতীক, অন্যদিকে তাঁর শাসনামলের কিছু বিতর্ক ও সীমাবদ্ধতা গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের জন্ম দেয়। ইতিহাস একদিন তার নেতৃত্বের জয়গান গাইবে ঠিকই, তবে সমালোচনার নিরিখেও তার বিশ্লেষণ করতে হবে—যাতে ভবিষ্যতের বাংলাদেশ আরও অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক এবং গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে।
