নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলা জামায়াতে ইসলামীর নেতা জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তটি সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, জাকির হোসেন মিয়াকে সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারার ২ উপধারা অনুসারে বহিষ্কার করা হয়েছে। এর আগে রবিবার জাকির হোসেন ও ফেনী আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মাহমুদুল হাসান, গত বছরের ৫ আগস্টের পর অনিয়ম-দুর্নীতির অভিযোগে তাকে অধ্যক্ষের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, যা গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই, এবং এর পুনরাবৃত্তি না হওয়ার জন্যই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
