নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি দিয়ে পোস্ট করার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয়।
আটক তরুণের নাম নাবিল হোসেন (২২)। তিনি বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে নাবিল হোসেন তাঁর ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনের ছবি দিয়ে পোস্ট করেন। ওই ছবির নিচের ডান পাশে কোণে ইংরেজিতে লাল রঙের কালিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় নাবিল হোসেনকে ধরতে অভিযানে নামে পুলিশ। রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকায় বিরামপুর মহিলা কলেজ–সংলগ্ন বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়।
ওসি মমতাজুল হক বলেন, ‘গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তাঁর ফেসবুকে অস্ত্রসহ ডাউনলোড করা একটি ছবি দিয়ে পোস্ট করেছিল। সে ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট দিয়ে লিখেছিল—“তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব”। আজ রাতে বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়েছে।’
