জি. ইসলাম
৮ মে ২০২৫
বর্তমান বাংলাদেশ এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। অর্থনৈতিক পতন, রাজনৈতিক দমন এবং জঙ্গি উত্থান—এই তিনটি উপাদান এক ভয়ংকর অন্ধকার সময়ের চিত্র তুলে ধরছে।
দেশের অর্থনীতি আজ চরম দুর্দশায়। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধি, বেকারত্ব, শিল্প ও কৃষি খাতের স্থবিরতা সাধারণ মানুষের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সাম্প্রতিক শেয়ারবাজারে এক যুগের মধ্যে সর্বোচ্চ দর পতন বাংলাদেশের আর্থিক খাতের ভঙ্গুর অবস্থাকে আরও স্পষ্ট করেছে। বিনিয়োগকারীরা পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছেন, পুঁজিবাজার থেকে আস্থা উঠে যাচ্ছে সাধারণ মানুষের।
রাজনৈতিকভাবে, দেশে আজ মতপ্রকাশের স্বাধীনতা বিপন্ন। সরকারবিরোধী কণ্ঠরোধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার হচ্ছে। আইনের শাসন ব্যাহত, বিচার ব্যবস্থায় ন্যায়বিচার অনুপস্থিত। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অপরাধ বেড়েছে—খুন, গুম, ধর্ষণ, মাদক ও চাঁদাবাজি এখন নিত্যদিনের ঘটনা।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, মৌলবাদী ও জঙ্গি গোষ্ঠীগুলোর পুনরুত্থান। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এসব গোষ্ঠী সরকারবিরোধীদের দমন করতে ব্যবহার হচ্ছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
এর পাশাপাশি গড়ে উঠেছে ভয়ংকর “মব কালচার”—যেখানে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে প্রকাশ্যে হেনস্তা করা হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান ও সভা-সমাবেশে হামলা চালানো হচ্ছে। এটি এক ধরনের অঘোষিত সন্ত্রাসের শাসন, যেখানে নেই মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের ন্যূনতম সম্মান।
এই বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই। এখনই সময় জনগণের জেগে ওঠার, সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার। দেশের সংস্কৃতি, ভাষা ও স্বাধীনতার চেতনা রক্ষার জন্য আমাদের দায়িত্বশীল হতে হবে।
