ছাত্রদলের সমাবেশে তারেক রহমান আহ্বান জানিয়েছেন তরুণদের প্রথম ভোট ধানের শীষে দিতে। তিনি বলেন, বিএনপি চায় উন্নয়নভিত্তিক রাজনীতি ও নতুন বাংলাদেশ গঠন।
ঢাকার শাহবাগে অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।” তিনি বলেন, তরুণদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলা ও দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করাই বিএনপির লক্ষ্য।
জুলাই মাসের কথিত “গণ-অভ্যুত্থান”-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন,
“দেশে কথার রাজনীতি নয়, বাস্তব উন্নয়ন ও জনগণের জীবনমান পরিবর্তনের রাজনীতি চায় বিএনপি।”
তিনি অভিযোগ করেন, “পতিত স্বৈরাচার দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। শিক্ষার্থীদের উচিত ক্যাম্পাসে নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হওয়া।”
তারেক রহমান বলেন, “দেশের সব ষড়যন্ত্র রুখে দিতে হলে শিক্ষার্থীদের হতে হবে সচেতন। নবীন-প্রবীণের সমন্বয়ে বিএনপি গড়তে চায় নতুন বাংলাদেশ।”
সমাবেশের সূচনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম বলেন, “ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই।
প্রয়োজনে সারা দেশ অবরুদ্ধ করা হবে।” তিনি আরও বলেন, “দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিষদাঁত উপড়ে ফেলতে ছাত্রদল যথেষ্ট।”
