ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ মাত্র ৮ দিনেই ২ কোটির বেশি আয় করেছে। কম শো পেয়েও দর্শকপ্রিয়তায় এগিয়ে তানিম নূরের এই সিনেমা।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে দারুণ আলোচনায় রয়েছে বনলতা এক্সপ্রেস। তুলনামূলক কম শো পেয়েও প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি বক্স অফিসে চমক দেখাচ্ছে ছবিটি। মুক্তির মাত্র আট দিনেই ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে তারকাবহুল এই সিনেমা।
ছবিটির নির্মাতা তানিম নূর নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দেশের শীর্ষ মাল্টিপ্লেক্সগুলো—স্টার সিনেপ্লেক্স, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস এবং কে-স্ক্রিন সিনেপ্লেক্স—থেকে সিনেমাটির মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা।
পরিচালক তানিম নূর বলেন, দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়া তাঁর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। তিনি জানান, “প্রতিদিনই দেখছি দর্শক দল
বেঁধে আসছেন—বন্ধু, পরিবার সবাই মিলে সিনেমাটি উপভোগ করছেন। এই ভালোবাসা আমাদের জন্য বিশাল প্রাপ্তি।”
খোঁজ নিয়ে জানা গেছে, দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির শো কিছুটা বাড়ানো হয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় ২১টি, লায়ন সিনেমাসে ৩টি
এবং ব্লকবাস্টার সিনেমাসে ৪টি শো চলছে। তবে চাহিদার তুলনায় শো কম থাকায় অনেক দর্শক টিকিট না পেয়ে হতাশ হচ্ছেন।
এ বিষয়ে নির্মাতা বলেন, টিকিট বা শো সংখ্যা বাড়ানো পুরোপুরি হল কর্তৃপক্ষের সিদ্ধান্ত। “আমি একজন পরিচালক হিসেবে কেবল সিনেমা বানাতে পারি।
শো বাড়ানো বা কমানো হল মালিকদের ব্যাপার,”—যোগ করেন তিনি দর্শকদের অভিযোগ, আগ্রহ থাকা সত্ত্বেও অনেকেই টিকিট না পেয়ে অন্য
সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন। ফলে সিনেমাটির সম্ভাব্য আয় আরও বেশি হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত বনলতা এক্সপ্রেস সিনেমাটিতে বিভিন্ন যাত্রীর জীবনের গল্প উঠে এসেছে।
মানবিক সম্পর্ক, অনুভূতি ও বাস্তবতার মিশেলে গল্পটি দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করছে।
সিনেমাটি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এতে অভিনয় করেছেন জনপ্রিয়
অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর এবং আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
সিনেমা সংশ্লিষ্টদের মতে, কম শো পেয়েও যে হারে দর্শকপ্রিয়তা অর্জন করেছে ‘বনলতা এক্সপ্রেস’, তাতে এটি ঈদের অন্যতম সফল সিনেমা হয়ে
উঠতে পারে। সব মিলিয়ে, গল্প, অভিনয় ও দর্শকসংযোগ—এই তিনের সমন্বয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এখন দেশের সিনেমা হলে এক আলোচিত নাম।
